জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব: গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: সংগৃহীত
১০:৩৭ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আমি নিরলসভাবে কাজ করে যাব। জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিবিদদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে তাদের পাশে থাকতে হবে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের মানুষ একটি সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে রাজনীতিবিদদের সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই রাজনৈতিক নেতাদের প্রধান দায়িত্ব।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি অনৈতিক কাজে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ না করার আহ্বানও জানান তিনি।
ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে/টিকে