বিপিসির দুই পরিচালককে ‘ওএসডি’
ছবি: সংগৃহীত
১২:৩৯ এএম | ০৭ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধের কারণে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত এল। ‘কাজে অবহেলার’ কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসির দুই পরিচালককে ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি’ করা হয়েছে।
বৃহস্পতিবার আলাদা আদেশে তাদের তাৎক্ষণিক বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। যুগ্ম সচিব পদমর্যাদার বিপিসির এই দুই পরিচালক হলেন এ কে এম আজাদুর রহমান এবং মুহাম্মদ আশরাফ হোসেন।
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিডিদেশের একটি গণমাধ্যম ডটকমকে বলেন, “কাজে অবহেলার কারণে তাদের ওএসডি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা তার উল্টোটা করেছেন। এ কারণে তাদের ওএসডি করা হয়েছে। তারা তাদের অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।”
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “জ্বালানির বিষয়ে আরও আশাবাদী উদ্যোগ নেবে সরকার। আগামী কয়েকদিনের মধ্যে তা দৃশ্যমান হবে।” প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজাদুর রহমান বিপিসির পরিচালক (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) হিসেবে কর্মরত ছিলেন। তাকে যুগ্ম সচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
একইভাবে বিপিসির পরিচালক (মার্কেটিং) মুহাম্মদ আশরাফ হোসেন যুগ্ম সচিব (সংযুক্ত) হিসেবে মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৮ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে সে দিন বিকালে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
ইরান যুদ্ধের কারণে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত এল। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় বাংলাদেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ২৯ হাজার টন ডিজেল মজুত রয়েছে, যা দিয়ে প্রায় দুই সপ্তাহের চাহিদা মেটানো সম্ভব। এছাড়া প্রায় ২৩ হাজার টন অকটেন মজুত আছে, যা দিয়ে প্রায় ২৫ দিনের চাহিদা পূরণ করা যাবে।
তবে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের মজুত তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। বর্তমানে প্রায় ৭৭ হাজার টন ফার্নেস অয়েল মজুত রয়েছে, যা দিয়ে প্রায় ৮৯ দিনের চাহিদা মেটানো সম্ভব।
আরআই/টিএ