গাইবান্ধায় জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় আটক ১
ছবি: সংগৃহীত
০৯:৪২ এএম | ০৭ মার্চ, ২০২৬
গাইবান্ধার সদর উপজেলায় জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়।
শুক্রবার (৬ মার্চ) কামারজানি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিয়াজুল ইসলাম (৪৩) ঝালকাঠি জেলার উত্তর বারুকাঠি গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কামারজানি বাজারে একটি চক্র জাল টাকা দিয়ে বিভিন্ন দোকান থেকে পণ্য কেনার চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে জাল টাকা চক্রের সদস্য মো. রিয়াজুল ইসলামকে পাঁচটি এক হাজার টাকার জাল নোটসহ আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরেক সদস্য জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়।
গাইবান্ধা জেলা পুলিশ জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকার চক্র দমনে পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে। পলাতক সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসকে/টিএ