© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

শেয়ার করুন:
চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৪ পিএম | ০৭ মার্চ, ২০২৬
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।’

শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই সিলেটে এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা শান্তির সিলেট চাই। তাই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ উদ্দেশ্যমূলকভাবে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে কি না সে বিষয়টিও দেখা হবে।’

একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সিলেটে ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের মণিপুরের স্টেট কলা একাডেমীর ইলাংবাম জয়ন্ত সিংহ, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া প্রমুখ।

এমআই/টিকে 

মন্তব্য করুন