ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে জীবিতদের ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে চাপ যুক্তরাষ্ট্রের!
ছবি: সংগৃহীত
০৭:৫১ পিএম | ০৭ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার সরকারকে চাপ দিচ্ছে যাতে এই সপ্তাহে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে জীবিতদের এবং শ্রীলঙ্কার হেফাজতে থাকা দ্বিতীয় ইরানি জাহাজের ক্রুদের ফিরিয়ে আনা না হয়।
শুক্রবার রয়টার্সের দেখা স্টেট ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ তারবার্তা অনুসারে এসব জানা গেছে।
বুধবার শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গ্যাল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন, আইআরআইএস ডেনা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়, এতে কয়েক ডজন নাবিক নিহত হন।
বৃহস্পতিবার শ্রীলঙ্কা দ্বিতীয় ইরানি জাহাজ, নৌ সহায়ক আইআরআইএস বুশেহর থেকে ২০৮ জন ক্রু সদস্যকে নামানো শুরু করে, যা শ্রীলঙ্কার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে আটকা পড়েছিল কিন্তু তার সামুদ্রিক সীমানার বাইরে ছিল।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, অনুরা কুমারা দিশানায়েকে বলেছেন, তার দ্বীপরাষ্ট্রের ক্রুদের গ্রহণ করা ‘মানবিক দায়িত্ব’।
ডেনায় টর্পেডো হামলা - যাকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ‘কোয়াইট ডেথ’ বলে বর্ণনা করেছেন - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম এ ধরনের পদক্ষেপ এবং ইরান সংঘাতের ক্রমবর্ধমান ভৌগোলিক পরিধির স্পষ্ট লক্ষণ।
এদিকে, কলম্বোর মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেইন হাওয়েল বলেছেন, ‘৬ মার্চ তারিখের অভ্যন্তরীণ পররাষ্ট্র দপ্তরের তারবার্তা অনুযাীয়, ‘শ্রীলঙ্কার সরকারকে জোর দিয়ে বলা হয়, বুশেহর ক্রু বা ডেনা জাহাজ থেকে বেঁচে যাওয়া ৩২ জন ব্যক্তিকে ইরানে ফেরত পাঠানো উচিত নয়।’
এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
অন্যদিকে, বুধবার, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক উপমন্ত্রী হানসাকা উইজেমুনি রয়টার্সকে বলেন যে তেহরান ডেনা জাহাজে নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে কলম্বোর কাছে সাহায্য চেয়েছে, তবে তা করার সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি।
ডেনা গত মাসে বঙ্গোপসাগরে ভারতের আয়োজিত নৌ-মহড়ায় অংশ নিয়েছিল এবং ইরানে ফিরে আসার সময় মার্কিন টর্পেডোর আঘাতের মুখে পড়ে।
সূত্র: রয়টার্স
এমআর/টিকে