শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
০৮:৫৩ পিএম | ০৭ মার্চ, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সবকিছু দলীয়করণ করা হয়েছিল। এ সরকারের একমাসও হয়নি কিন্তু সে প্রবণতা শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি।’
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এর বিচ্যুতি যদি ঘটে তাহলে এগারো দলকেও, জাতীয় নাগরিক পার্টিকেও চিন্তা করতে হবে; আমাদের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য থাকব।’
সরকারি দল শপথ নিয়ে সবার আগে জুলাই আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির সঙ্গে বেঈমানি করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন হয়েছে কিন্তু সেই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জুলাই সনদের আদেশ অনুযায়ী আমরা শপথ নিয়েছি। যেখানে সরকারি দল শপথ নিয়ে সবার আগে জুলাই আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির সঙ্গে বেঈমানি করেছে। তারা দুটি শপথ না নিয়ে নানাভাবে বুঝানোর চেষ্টা করছে, জুলাই সনদের আদেশ যেটি হয়েছে, গণভোট হয়েছে যেখানে জনগণ ব্যাপকভাবে হ্যায়ের পক্ষে তথা সংস্কারের পক্ষে রায় দিয়েছে।
এবি/টিএ
এবি/টিএ