© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে প্রাচীরের ওপর বাজছিল মুজিবের ৭ মার্চের ভাষণ, জব্দ হ্যান্ড মাইক

শেয়ার করুন:
যশোরে প্রাচীরের ওপর বাজছিল মুজিবের ৭ মার্চের ভাষণ, জব্দ হ্যান্ড মাইক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৫ এএম | ০৮ মার্চ, ২০২৬
যশোর শহরের চারখাম্বা এলাকায় একটি বাড়ির প্রাচীরের ওপর হ্যান্ড মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজার ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ব্যস্ততম এই সড়কে হঠাৎ ভাষণ বাজতে দেখে উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকটি জব্দ করে থানায় নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর শহরের চারখাম্বা মোড় থেকে চৌরাস্তা যাওয়ার পথে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরীর বাড়ির প্রাচীরের ওপর কে বা কারা একটি সাদা-নীল রঙের হ্যান্ড মাইক রেখে যায়। রাত ৯টার দিকে হঠাৎ ওই মাইক থেকে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেয়া ঐতিহাসিক ভাষণটি বাজতে শুরু করে। জনশূন্য প্রাচীরে হঠাৎ এমন শব্দ শুনে পথচারীরা থমকে দাঁড়ান এবং কৌতূহল বশত ভিড় করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের আগে এই মোড়টি ‘শেখ রাসেল চত্বর’ হিসেবে পরিচিত ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সেখানকার ভাস্কর্যটি ভেঙে ফেলার পর বর্তমানে এটি চারখাম্বা মোড় হিসেবেই পরিচিত।

স্থানীয় চা দোকানদার রমজান বলেন, ‘হঠাৎ দেয়ালের উপরে রাখা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। প্রথমে বুঝতে পারি নি; কাছে এসে দেখি হ্যান্ড মাইকে বাজছে। মাইকের পাশে দুটি বড় ফুলগাছের ডাল ঝুলে থাকায় কারা এসে মাইকটি রেখেছে; সেটা দেখা যায়নি।’

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চার খাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছে। পরে পুলিশ গিয়ে মাইকটি নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

ইউটি/টিএ

মন্তব্য করুন