ইউক্রেনে রুশ ড্রোন হামলায় প্রাণ গেল ১২ জনের
ছবি: সংগৃহীত
১২:০৯ পিএম | ০৮ মার্চ, ২০২৬
ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার (৭ মার্চ) ভোর পর্যন্ত চালানো এই হামলায় শিশুসহ অনেকে আহত হয়েছেন।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং অন্তত ১০ জন নিহত হন।
খারকিভের মেয়র ইহর তেরেখভ জানান, নিহতদের মধ্যে দুইজন নারী এবং তাদের দুই শিশু সন্তানও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে আছে কি না, তা দেখতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া রাতভর ২৯টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪৮০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের ঘরবাড়ি ছাড়াও দেশের জ্বালানি ও রেল অবকাঠামো।
জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার চেষ্টা করছে। তিনি এই সংকট মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরো সামরিক সহায়তার আহ্বান জানান।
অন্যদিকে, রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ইউক্রেনের শুধুমাত্র ‘সামরিক লক্ষ্যবস্তু’তেই হামলা চালিয়েছে। রুশ সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা রাতভর ইউক্রেনের ১২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র : দ্য মস্কো টাইমস
এমআর/টিকে