© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্তানের টানে পিরোজপুরে এসে ৮ মাস জেল খেটে ভারতে ফিরলেন নারী

শেয়ার করুন:
সন্তানের টানে পিরোজপুরে এসে ৮ মাস জেল খেটে ভারতে ফিরলেন নারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ০৮ মার্চ, ২০২৬
নিজের প্রথম স্বামী ও সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়। কিন্তু সেই আসাই শেষ পর্যন্ত তার জীবনে বয়ে আনে দুর্ভাগ্য ও দীর্ঘ আইনি জটিলতা। স্বামীর মারধর, পাসপোর্ট ছিনতাই ও সীমান্ত পেরোতে গিয়ে আটক হওয়ার পর, শেষ পর্যন্ত তাকে আট মাসের বেশি সময় কাটাতে হয়েছে বাংলাদেশের কারাগারে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার (০৮ মার্চ) সকালে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের আইসিপি সীমান্ত দিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে ভারতের গেদে সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করে। ভারতে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার শিংড়ি টেংরা কলোনি গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে।

জানা যায়, ২০২৫ সালের জুন মাসে বৈধ পথে বাংলাদেশে আসেন ভারতের নাগরিক ফাল্গুনী রায়। তিনি প্রথম স্বামী ও ছেলে সন্তানের সঙ্গে দেখা করতে পিরোজপুর জেলার স্বরূপকাঠি এলাকায় যান। অভিযোগ রয়েছে, সেখানে তার প্রথম স্বামী তাকে মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন।

অসহায় অবস্থায় ফাল্গুনী রায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে কোনো উপায় না দেখে পাসপোর্ট ছাড়াই ভারতে ফেরার চেষ্টা করেন। এ সময় সীমান্ত পেরোতে গিয়ে মহেশপুর সীমান্ত এলাকায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মহেশপুর থানায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। আদালতের রায়ে তাকে ৪ মাস ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই দেশের অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে সাজা শেষ হলেও তাকে মোট ৮ মাস ১০ দিন কারাগারে থাকতে হয়েছে।

চলতি বছরের ১০ জানুয়ারি তাকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আনা হয়। যাচাই-বাছাই শেষে গত ডিসেম্বর মাসে ভারতীয় দূতাবাস তাকে দেশে ফেরানোর জন্য ছাড়পত্র দেয় এবং জানুয়ারির মধ্যভাগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, রোববার সকালে দর্শনা আইসিপি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফাল্গুনী রায়কে ভারতের গেদে সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা ক্যাম্পের সুবেদার এনামুল হক ও বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার।য়া

এবি/টিএ

মন্তব্য করুন