হরমুজ প্রণালিতে আমিরাতের টাগবোটে ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ৩
ছবি: সংগৃহীত
০৮:১২ পিএম | ০৮ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়ে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী 'মুসাফা' নামের একটি টাগবোট ডুবে গেছে। এই ঘটনায় টাগবোটটিতে থাকা মোট ৭ জন নাবিকের মধ্যে ৩ জন নিখোঁজ রয়েছেন, যাদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। রবিবার (৮ মার্চ) ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, গত ৬ মার্চ এই দুর্ঘটনা ঘটে।
হামলার ধরন সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, টাগবোটটিতে কোনো ধরনের 'বিস্ফোরক' দিয়ে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক সমুদ্র চলাচল নিরাপত্তা সংস্থা 'ভ্যানগার্ড' জানিয়েছে যে, জলযানটিতে মূলত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। তবে এই ঘটনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রসঙ্গত, টাগবোট হলো অপেক্ষাকৃত ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী এক ধরনের জাহাজ, যা মূলত অচল জলযান, বড় জাহাজ বা অন্যান্য ভাসমান স্থাপনাকে টেনে অথবা ধাক্কা দিয়ে গন্তব্যে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয়।
এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সেসময় স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিল যে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের মিত্র যেকোনো দেশের জাহাজ এই জলপথ ব্যবহার করলে ইরান সেগুলোকে নিজেদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।
এবি/টিএ
এবি/টিএ