মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালকের মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
০১:২৫ এএম | ০৯ মার্চ, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত শাখা-২ এর মহাপরিচালক মো. মোতাহার হোসেন। এ ঘটনায় তার ছিনতাইকৃত দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ এবং দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মোহাম্মদপুর থানাধীন শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে সময় মো. মোতাহার হোসেন মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের ফুটপাত দিয়ে হাঁটছিলেন।
এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা একটি আইফোন ৬ প্লাস ও একটি আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা এবং হাতে থাকা একটি দামি ঘড়ি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
জানা গেছে, ছিনতাইকারীদের হামলায় মোতাহার হোসেনের ঘাড় ও চোখে গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এদিকে ঘটনার পর ভুক্তভোগী মহাপরিচালকের পক্ষ থেকে এক সরকারি কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ১১টায় ছিনতাইকৃত দুটি আইফোন উদ্ধার করে এবং এই ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস/টিএ