ক্রেতার গায়ে চেয়ার ছুঁড়ে মারার ঘটনায় দুঃখ প্রকাশ স্টার কাবাবের
ছবি: সংগৃহীত
০৩:১৬ এএম | ০৯ মার্চ, ২০২৬
রাজধানীর জনসন রোডের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে (স্টার কাবাব) ইফতারের সময় ক্রেতার গায়ে চেয়ার ছুঁড়ে মারার মতো একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
রোববার (৮ মার্চ) রাতে এক বিবৃতিতে তারা এই ঘটনায় লজ্জিত ও মর্মাহত হওয়ার কথা জানিয়েছে।
বিবৃতিতে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলেছে, ‘স্টারের প্রতিটি কাস্টমার আমাদের জন্য অত্যন্ত প্রিয় ও সম্মানের। দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসা ও আস্থার ওপরই আমাদের পথচলা। তাই এমন একটি ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। দুঃখজনকভাবে কিছু কাস্টমার ও আমাদের কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হয়। দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই ধরনের ঘটনার প্রতি মালিকপক্ষের কোনো সমর্থন নেই। আমরা মনে করি, পরিস্থিতি সামলাতে আমাদের কর্মীদের পক্ষ থেকে আরও ধৈর্য ও সংযম প্রদর্শন করা উচিত ছিল।’
এ ঘটনায় যিনি আহত হয়েছেন, তার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা এবং দ্রুত সুস্থতা কামনা করেছে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ভুক্তভোগীর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ না পাওয়ায় কোনো আইনি প্রক্রিয়া শুরু করেনি পুলিশ। এ বিষয়ে ডিএমপির সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘গতকাল ইফতারের সময় খেজুরের দাম নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। শুনেছি দুই পক্ষ বিষয়টি মিটিয়ে ফেলেছে। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।’
এর আগে গত শনিবার (৭ মার্চ) ইফতারের সময় স্টার কাবাব রেস্তোরাঁয় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে রেস্তোরাঁটির কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে স্টাফদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা যায়। এতে একাধিক ক্রেতা আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, খেজুরের দাম নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রেস্তোরাঁর কর্মীরা ক্রেতাদের ওপর চড়াও হন এবং মারধর করেন।
টিজে/টিএ