© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েত প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার আহ্বান রাষ্ট্রদূতের

শেয়ার করুন:
কুয়েত প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার আহ্বান রাষ্ট্রদূতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ এএম | ০৯ মার্চ, ২০২৬
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার প্রভাব পড়েছে উপসাগরীয় দেশ কুয়েতেও। এই পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত প্রায় সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশিকে নিরাপদ স্থানে থাকা এবং গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

রোববার (৮ মার্চ) স্থানীয় সময় দুপুরে কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নেতারা ও সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় কর্মীদের (সোশ্যাল অ্যাক্টিভিস্ট) সঙ্গে এক ভার্চুয়াল (জুম) মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এই আহ্বান জানান।

চলমান পরিস্থিতিতে সঠিক তথ্য তুলে ধরা এবং প্রবাসীদের সচেতন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় আটকে পড়া প্রবাসীদের ফ্লাইট, ভিসা ও পাসপোর্টসহ বিভিন্ন সংকটকালীন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নিরাপদ স্থানে অবস্থান করুন। যুদ্ধের হামলার কোনো ছবি, ভিডিও বা লাইভ সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন না এবং কোনো ধরনের মিথ্যা তথ্য ছড়াবেন না।’

তিনি আরও জানান, দেশে আটকে পড়া প্রবাসীদের ছুটি ও ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে কুয়েত সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন- কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন রানা, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার মৌসুমী। এছাড়া বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মী ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা এই সভায় অংশগ্রহণ করেন।

এসকে/টিকে

মন্তব্য করুন