মধ্যরাতে সৌদি থেকে সাদিক কায়েমের বার্তা
ছবি: সংগৃহীত
০৯:২৭ এএম | ০৯ মার্চ, ২০২৬
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের গ্রেপ্তরের ঘটনাকে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম।
গতকাল রবিবার (০৮ মার্চ) মধ্যরাতে সৌদি আরব থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে সাদিক কায়েম লিখেন, এ গ্রেপ্তার ন্যায়বিচার প্রতিষ্ঠার যাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে। অনতিবিলম্বে আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
সাদিক কায়েম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি জানান, বর্তমানে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। সেখানে তিনি শহীদ শরীফ ওসমান হাদিসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেছেন।
তিনি বলেন, আল্লাহ যেন বাংলাদেশকে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির জনপদ হিসেবে কবুল করেন।
শনিবার (০৭ মার্চ) দিবাগত রাতে হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।
এসকে/টিকে