জ্বালানি তেলের পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত
০১:১৩ পিএম | ০৯ মার্চ, ২০২৬
রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের স্বল্পতায় দীর্ঘ লাইন ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দৃশ্য যেন প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তেলের চাহিদার তুলনায় সরবরাহ কম মেলায় রাজধানীর গাড়ি চালকরা সমস্যায় পড়ছেন।
সরজমিনে সোমবার (৯ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, সকাল থেকেই তেলের জন্য দীর্ঘ লাইন। কেউ এসেছেন সেহরি সেরে আবার কেউ অন্তত ৬-৭ ঘন্টা অপেক্ষার পর তেল নিতে সক্ষম হয়েছেন। দীর্ঘ সময়ের পর তেল পাওয়া এক ধরনের ‘সোনার হরিণ’ পাওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
চালকরা জানান, প্রতি মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত কারে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০-২৫ লিটার তেল দেয়া হচ্ছে। এই পরিমাণ তাদের দৈনন্দিন চাহিদার তুলনায় অত্যন্ত কম।
এতে অনেক চালক রাজধানীর বিভিন্ন পাম্পে ঘুরে তেল খুঁজতে বাধ্য হচ্ছেন। সামাদ নামের এক মোটরসাইকেল চালক বলেন, ‘সকাল থেকে পাম্পের লাইনে তেলের জন্য অপেক্ষা করতে হয়েছে, তবুও প্রয়োজনমতো তেল পাইনি।
অপর দিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, তারা তেল রেশনিং পদ্ধতিতে সরবরাহ করছেন। তবে ডিপো থেকে সময়মতো তেল না আসার কারণে কিছু সময় সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এই সংকট দ্রুতই সমাধান হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ‘পেট্রোল পাম্পের সামনে গেলে দেখা যায় বিশাল লাইন। যেহেতু যুদ্ধ চলছে, শোধনাগার বোমা মেরে উড়িয়ে দেয়া হচ্ছে। সেজন্য আমার কাছে যে মজুত আছে, সেটা সাশ্রয়ী ব্যবহার করতে বলেছি। রেশনিং করতে বলেছি। কারণ আমরা জানি না যুদ্ধ কতদিন চলবে। আমরা আপাতত দাম বাড়াবো না। তাই মজুত করার দরকার নেই। আমাদের সংকট নেই। কিন্তু রেশনিং চালু থাকবে।’
আরআই/টিকে