পার্শ্ববর্তী ভবনে আগুন, বন্ধ স্কটল্যান্ডের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন
ছবি: সংগৃহীত
০৫:১০ পিএম | ০৯ মার্চ, ২০২৬
স্কটল্যান্ডের ব্যস্ততম রেলস্টেশন গ্লাসগো সেন্ট্রাল স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের একটি অংশ ধসে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সারাদিনের জন্য স্টেশনের উঁচু প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসা-যাওয়া করবে না। একই সঙ্গে নিচের প্ল্যাটফর্মেও কোনো ট্রেন থামবে না। ফলে সারা দিন যাত্রীদের যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্টেশনটি কবে আবার চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
দমকল সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিটে গ্লাসগোর ইউনিয়ন স্ট্রিট এলাকার একটি ইলেকট্রনিক ধূমপান যন্ত্রের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে আগুন দ্রুত পাশের পুরোনো ভিক্টোরিয়ান ধাঁচের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।
স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে বর্তমানে ৯টি দমকল ইউনিট ও ৩টি উচ্চতায় পৌঁছাতে সক্ষম বিশেষ উদ্ধারযান কাজ করছে। আগুনের কারণে পাশের একটি ভবনের গম্বুজ আকৃতির অংশ ধসে পড়েছে। তবে রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান নেটওয়ার্ক রেল জানিয়েছে, প্রাথমিকভাবে স্টেশন ভবনে বড় ধরনের কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন উদ্ধারকর্মীরা।
এবি/টিএ
এবি/টিএ