ঈদের আগে তেলের দাম বাড়বে কি না, জানালো সরকার
ছবি: সংগৃহীত
১০:৫১ পিএম | ০৯ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্ববাজারে বাজারে দ্রুত বাড়ছে জ্বালানি তেলের দাম।
এরই মধ্যে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়িয়ে গেছে। জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারের তেলের দাম নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
তবে ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়বে কিনা এ প্রসঙ্গে সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদুল ফিতরের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের অজুহাতে ঈদ যাত্রা ব্যাহত করা বা পরিবহন ভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।
তিনি আরো জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুদ সন্তোষজনক ও নিরাপদ অবস্থায় রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে বাসসহ অন্যান্য পরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। জ্বালানি তেলের ঘাটতির কারণে ঈদ যাত্রায় কোনো সমস্যা তৈরি হবে না। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়েরও সুযোগ নেই।
এদিকে, রবিবার (৮ মার্চ) দেশে দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট এড়াতে থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। নির্দিষ্ট যানের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
জ্বালানী মন্ত্রী বলেছেন, ‘আমি আগেও বলেছি, গতকালকেও বলেছি, আজকেও বলছি, তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে যুদ্ধ শেষ হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা আছে। সে জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই।’
ইউটি/টিএ