© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোটেল পালানো ইরানি ফুটবলারদের নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন ট্রাম্প

শেয়ার করুন:
হোটেল পালানো ইরানি ফুটবলারদের নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ পিএম | ০৯ মার্চ, ২০২৬
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে চলমান এএফসি এশিয়ান কাপে অংশ নিতে গিয়ে ইরানের নারী দলের পাঁচজন খেলোয়াড় হোটেল ছেড়ে পালিয়ে গেছেন। তাদের এখন অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সুরক্ষায় একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। তাদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়াকে সতর্ক করে বলেছেন, ইরানের নারী ফুটবলারদের জোর করে দেশে ফেরত পাঠানো হলে তা বড় ধরনের মানবিক ভুল হবে। খবর ডব্লিউআইওএন-এর।

টুর্নামেন্টে ইরানের ব্যর্থতার পর দলটি অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও এই পাঁচ ফুটবলারের দেশে ফেরা নিয়ে উদ্বেগ বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে, তারা ইরানে ফিরে গেলে কারাবাস কিংবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ সংঘাত পরিস্থিতিতে রয়েছে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে জাতীয় সংগীত বাজানোর সময় ইরানের খেলোয়াড়রা নীরব ছিলেন। যদিও তারা প্রকাশ্যে এর কারণ ব্যাখ্যা করেননি, তবু ইরান সরকার তাদের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়েছে।



মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে খেলোয়াড়দের জাতীয় সংগীত গাইতে বাধ্য করা হয়। ফিলিপাইনের বিপক্ষে শেষ ম্যাচের আগেও একই ঘটনা ঘটে। ওই ম্যাচে ইরান ০-২ গোলে হেরে যায়। সংগীত গাওয়ার পাশাপাশি খেলোয়াড়দের সামরিক কায়দায় স্যালুট দিতেও দেখা যায়।

শেষ লিগ ম্যাচের পর সমর্থকেরা দলীয় বাস ঘিরে ধরে পুলিশকে উদ্দেশ করে ‘সেভ আওয়ার গার্লস’ বলে স্লোগান দেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ পরিস্থিতিতেই অস্ট্রেলিয়া সরকারকে ইরানি খেলোয়াড়দের আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘ইরানের নারী জাতীয় ফুটবল দলকে জোর করে দেশে ফেরত পাঠানো হলে অস্ট্রেলিয়া বড় ধরনের মানবিক ভুল করবে।

সেখানে ফিরে গেলে তাদের হত্যা করা হতে পারে। প্রধানমন্ত্রী, দয়া করে এমনটি করবেন না, তাদের আশ্রয় দিন। আপনারা না দিলে যুক্তরাষ্ট্র তাদের গ্রহণ করতে প্রস্তুত।’

এসএস/টিএ

মন্তব্য করুন