ইরানে মিশন শেষ হলে বিশ্ব আরও নিরাপদ হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:৪৩ এএম | ১০ মার্চ, ২০২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে চলমান এই মিশন শেষ হলে বিশ্ব আরও নিরাপদ ও সুন্দর হবে। ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সময় সোমবার তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই মিশনের লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় জিম্মিকারী ও সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক - ইরানের শাসনব্যবস্থা।
তিনি জানান, এই মিশনের মূল উদ্দেশ্য হল ইরানি শাসনব্যবস্থার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা ধ্বংস করা, এসব ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা এবং তাদের নৌবাহিনী ধ্বংস করা।
মার্কো রুবিও বলেন, আমরা ইতোমধ্যেই সেই লক্ষ্য অর্জনের পথে অনেক দূর এগিয়ে গেছি।
তার দাবি, প্রতিদিনই ইরানি শাসকগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র কমছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র কমছে, তাদের কারখানাগুলো কম চলছে এবং তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।
এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা করছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।
কেএন/টিকে