ইরান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ইরাকের
ছবি: সংগৃহীত
১২:৪৮ পিএম | ১০ মার্চ, ২০২৬
ইরাকের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলো জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
ইরান-ইরাক সীমান্তের বড় একটি অংশ পাহাড়ি অঞ্চল। দীর্ঘদিন ধরে এই দুর্গম সীমান্তপথ ব্যবহার করে ইরানের কুর্দি গোষ্ঠীগুলো দুই দেশের মধ্যে যাতায়াত করে আসছে।
নতুন করে বাহিনী মোতায়েনের মাধ্যমে এই চলাচল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বাগদাদ।
ইরাকি কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে একাধিক বার্তা দেওয়া হয়েছে। প্রথমত, ইরানকে জানানো হয়েছে, ইরাক তার ভূখণ্ড ব্যবহার করে কোনো ইরানবিরোধী গোষ্ঠীকে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে দেবে না।
দ্বিতীয়ত, ২০২৩ সালে ইরান ও ইরাকের মধ্যে হওয়া নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিও এতে তুলে ধরা হয়েছে।
ওই চুক্তি অনুযায়ী, উত্তর ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করার অঙ্গীকার করেছিল বাগদাদ। একই সঙ্গে এই পদক্ষেপ সংশ্লিষ্ট ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিও একটি স্পষ্ট বার্তা। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের ফলে তাদের জন্য সীমান্ত অতিক্রম করে ইরানে প্রবেশ করা বা সেখানকার ভেতরে কোনো ধরনের তৎপরতা চালানো অনেক বেশি কঠিন হয়ে পড়বে।
এদিকে উত্তর ইরাকের ইরাকি কুর্দিস্তান অঞ্চলে উত্তেজনা বাড়লেও বাগদাদ সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ উভয়ই চেষ্টা করছে যাতে এই সীমান্ত এলাকা চলমান আঞ্চলিক সংঘাতের নতুন ফ্রন্টলাইনে পরিণত না হয়।
আরআই/টিকে