যারা মনে করেন নারীরা রাজনীতিতে আসতে পারবে না, তারাই বিরোধীদলে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
০১:১১ পিএম | ১০ মার্চ, ২০২৬
যারা মনে করেন নারীরা রাজনীতিতে আসতে পারবে না, তারাই এখন বিরোধীদলে আছে-এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ কখনও আফগানিস্তান হবে না, রক্ষণশীলতা আমাদের সমাজের অংশ নয় উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়নের চর্চা পরিবার ও প্রতিষ্ঠান থেকেই শুরু হতে হবে৷ শুধু কাগজে কলমে নয়, নারী ক্ষমতায়ন নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সকলের সমম্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, সরকারের ১৮০ দিনের প্ল্যান ফাইনালাইজ করার কাজ চলছে৷ সহমর্মিতার সঙ্গে কাজ করলেই সমতা অর্জন সম্ভব।
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের অন্যতম টার্গেট সমতার সরকার গঠন করা-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগ সুবিধার ব্যবস্থা রাখার কথা ভাবা হচ্ছে।
সামাজিক ন্যায়বিচার ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের দরকার। সমতা ও সম্পৃক্ততার পৃথিবী গড়তে হবে আমাদের। দেখতে হবে প্রাথমিকপর্যায়ে রাজনীতিতে কারা আসছেন। যেমন মোহাম্মদপুরে আমি ও একজন আলেম পরিষ্কার পরিছন্নতা অভিযানে ছিলাম। সেই আলেম ব্যক্তিটির বিশ্বাস, নারীদের রাজনীতিতে জায়গা নেই। একজন প্রার্থীর বিশ্বাস যে, নারীদের সকল সামাজিক কর্মকাণ্ড থেকে মুছে দিতে হবে।
আমরা একরাতের মধ্যে রাজনীতিতে নারীদের সম্পৃক্ততা বাড়াতে পারবও না, তবে আমরা পারব-এ কথা জানিয়ে তিনি বলেন, আমরা যাদের উগ্রবাদী ফোর্স ভাবি, যারা মনে করেন নারীরা রাজনীতি করবেন না, সেই ফোর্স এখন বিরোধীদলে।
গত ৫০ বছরে আমরা এতো নারীবিদ্বেষী ছিলাম না-এখন আমরা তা হয়ে যাচ্ছি বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
সরকার শুধু সংস্কৃতি তৈরি করে না। আমাদের ইনস্টিউটিউশনগুলোকে সমতার সংস্কৃতি তৈরি করতে হবে। রক্ষণশীলতার পথে সমাজ এগিয়ে যাচ্ছে, আমাদের সমাজে নীতি আছে, কিন্তু আমাদের সমাজ রক্ষণশীল নয় বলেও জানান তিনি।
রক্ষণশীলতার বাংলাদেশ এটা আমাদের আসল সংস্কৃতির পরিচয় নয়। পরিবার, ইনস্টিউটিউশনে এসব জায়গায় আমাদের উদারতার চর্চা শুরু করতে হবে। বাংলাদেশ কখনও আফগানিস্তান হবে না। শুধু পার্লামেন্টে নয়, আগে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নারীরা মায়ের জাত, আমরা শুধু এ কথাতে ফিরে যাই, তবে মা বলে ঘরে আটকে দেয়ার প্রবণতা আছে, তা বন্ধ করতে হবে। নারীরা শুধু মায়ের জাত এ নিয়ে গর্ববোধই যথেষ্ট নয়। নারীদের নিজেদেরও উচিত এমনভাবে প্রস্তুত হওয়া যে, দায়িত্ব দিতে বাধ্য হয় তাদের।
টিজে/টিকে