© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেলেন ৪৯৬ জন

শেয়ার করুন:
বগুড়ায় প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেলেন ৪৯৬ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ পিএম | ১০ মার্চ, ২০২৬
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ীসহ দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানী ঢাকা থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেন্দ্রীয় উদ্বোধনের পর বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার গোপালবাড়ী এলাকায় উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রাথমিক পর্যায়ে শাখারিয়া ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের ৪৯৬ জনকে এই কার্ড প্রদান করা হয়েছে।

পর্যায়ক্রমে এই এলাকার মোট ৮৬৮ জন এই সুবিধার আওতায় আসবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

ফ্যামিলি কার্ড হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় গৃহিণীরা। কার্ড পাওয়ার আগেই অনেকের মুঠোফোনে সহায়তার টাকা পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপকারভোগীরা।
এক নারী উপকারভোগী বলেন, ‘কার্ড পাওয়ার আগেই মোবাইলে টাকা চলে এসেছে। এই টাকা আমাদের সংসারের অনেক কাজে লাগবে। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি।’

কার্ড বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘সরকারের এই বিশেষ উদ্যোগ মূলত প্রান্তিক পর্যায়ের নারীদের স্বাবলম্বী করার জন্য। ইতিমধ্যে সবার মোবাইলে টাকা পৌঁছে গেছে।স্বচ্ছতার সঙ্গে এই সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার এই ফ্যামিলি কার্ড পাবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি চলমান প্রক্রিয়া এবং বাকি কার্ডগুলো দ্রুততম সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিদের হাতে পৌঁছে দেওয়া হবে।

টিজে/টিকে

মন্তব্য করুন