আবারও চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার মধ্যেকার যাত্রীবাহী ট্রেন চলাচল
ছবি: সংগৃহীত
০৩:৩৬ পিএম | ১০ মার্চ, ২০২৬
কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়ার ছয় বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে আবার শুরু হতে যাচ্ছে বলে ভ্রমণ পরিচালনাকারীরা এএফপিকে জানিয়েছেন।
ভ্রমণ সংস্থাগুলোর মতে, এই ট্রেনসেবা চীনা নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে যারা উত্তর কোরিয়ায় কাজ করছেন বা পড়াশোনা করছেন, পাশাপাশি বিদেশে কাজ করা, পড়াশোনা করা বা পরিবার পরিদর্শনে যাওয়া উত্তর কোরীয়দের জন্যও এটি চালু থাকবে। বেইজিং ও দানডংয়ের সরকারি টিকিট বিক্রয়কেন্দ্রের ট্রাভেল এজেন্টরা এ তথ্য জানিয়েছেন।
তবে আপাতত পর্যটকেরা এই ট্রেনের টিকিট কিনতে পারবেন না। ইয়াং পাইওনিয়ার ট্যুরসের ট্যুর ম্যানেজার রোয়ান বিয়ার্ড মঙ্গলবার এএফপিকে বলেন, ‘আন্তর্জাতিক ট্রেনসেবা আবার চালু হতে দেখা সত্যিই ভালো লাগছে।’
তিনি নিশ্চিত করেন, উত্তর কোরিয়ায় ভ্রমণ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হিসেবে তার কম্পানিও বৃহস্পতিবার থেকে চলাচলকারী এই ট্রেনের টিকিট বুক করতে পারবে।
তিনি বলেন, ‘শুরুর দিকে এটি পর্যটকদের জন্য নয়, তবে ভবিষ্যতে উত্তর কোরিয়ায় পর্যটন পুনরায় চালু হলে এটি ভ্রমণের আরেকটি বিকল্প তৈরি করবে, যা বিমানে যাত্রার বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।’
কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে ২০২০ সালে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। গত বছর উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট ও ট্রেনসেবা আবার চালু হয়।
আইকে/টিএ