© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার পরিবর্তন নির্ভর করছে ইরানের জনগণের ওপর: নেতানিয়াহু

শেয়ার করুন:
সরকার পরিবর্তন নির্ভর করছে ইরানের জনগণের ওপর: নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ পিএম | ১০ মার্চ, ২০২৬
ইরানের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের ভবিষ্যৎ পুরোপুরি দেশটির জনগণের ওপরই নির্ভর করছে। এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানে সরকার পরিবর্তন ঘটবে কি না, তা নির্ভর করবে জনগণ কতটা সাহস নিয়ে ‘দমনমূলক শাসন’-এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তার ওপর।

মঙ্গলবার (১০ মার্চ) জেরুজালেমে ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার পরিদর্শনের সময় নেতানিয়াহু এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল আশা করে যে ইরানের জনগণ একদিন ‘স্বৈরাচারের জোয়াল’ থেকে নিজেদের মুক্ত করবে।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা হলো ইরানের জনগণকে স্বৈরাচারের জোয়াল ছুড়ে ফেলতে সক্ষম করে তোলা; তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদেরই। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে এখন পর্যন্ত নেয়া পদক্ষেপের মাধ্যমে আমরা তাদের হাড় ভেঙে দিয়েছি এবং আমরা এখনো সক্রিয় আছি।’

তিনি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের জনগণের সঙ্গে মিলিতভাবে এই লক্ষ্য অর্জনে সফল হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানও আরও শক্তিশালী হবে।
‘অপারেশন রোরিং লায়ন’-এর অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হাইম ক্যাটজকে সঙ্গে নিয়ে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শন করেন নেতানিয়াহু। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বার সিমান তোভ চলমান সামরিক অভিযানের সময় স্বাস্থ্যব্যবস্থার কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

এবি/টিএ

মন্তব্য করুন