অন্তহীন যুদ্ধে আমাদের কোনো আগ্রহ নেই: জার্মান চ্যান্সেলর
ছবি: সংগৃহীত
০৮:৩৭ পিএম | ১০ মার্চ, ২০২৬
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ নিয়ে ইউরোপে ক্রমবর্ধমান উদ্বেগ তৈরি হয়েছে এবং পরিস্থিতি ‘বিপজ্জনক উত্তেজনার দিকে’ এগোচ্ছে, যেখানে যুদ্ধ শেষ করার জন্য ‘স্পষ্ট কোনো যৌথ পরিকল্পনা নেই’।
গত সপ্তাহের শেষের দিকেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হতে পারে, তবে ইরান যদি হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র হামলা আরো বাড়াতে পারে।
মেৎস বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে পরিচালিত যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযানের অনেক লক্ষ্যের সঙ্গেই জার্মানি একমত। তবে প্রতিদিনই নতুন প্রশ্ন উঠছে এবং পরিস্থিতি বিপজ্জনকভাবে উত্তেজিত হয়ে উঠছে।
বার্লিনে চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বিশেষভাবে উদ্বিগ্ন যে এই যুদ্ধ দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে শেষ করার জন্য কোনো যৌথ পরিকল্পনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।’
তিনি বলেন, ‘অন্তহীন যুদ্ধে আমাদের কোনো আগ্রহ নেই। ইরানের ভৌগোলিক অখণ্ডতা, রাষ্ট্রীয় কাঠামো বা অর্থনৈতিক সক্ষমতা ভেঙে পড়ুক, এমনটাও আমরা চাই না।’
মেৎস বলেন, বিশ্বের একটি ‘স্থিতিশীল ও কার্যকর ইরান’ প্রয়োজন, যা এমন একটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার অংশ হবে যেখানে ইসরায়েল বা অন্য অংশীদারদের জন্য কোনো হুমকি থাকবে না।
তিনি বলেন, ইউরোপে উদ্বেগের একটি বড় কারণ হলো, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে তার অর্থনৈতিক প্রভাব। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়লে যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তা নিয়েও আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘লিবিয়া, ইরাক বা অঞ্চলের অন্য দেশগুলোতে আমরা যে পরিস্থিতি দেখেছি, তেমন কোনো পরিস্থিতি তৈরি হলে তা আমাদের সবার জন্য ক্ষতিকর হবে। এতে আমাদের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং সম্ভবত অভিবাসন পরিস্থিতিও প্রভাবিত হবে।’
আইকে/টিএ