ঢাকা ওয়াসার নতুন এমডি হলেন আমিনুল ইসলাম
ছবি: সংগৃহীত
১১:৩১ পিএম | ১০ মার্চ, ২০২৬
অবসরপ্রাপ্ত সচিব মো. আমিনুল ইসলামকে ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে এক বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী মো. আমিনুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
এর আগে রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। তার পদত্যাগের এক দিন পর গত সোমবার স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়েছিল। আমিনুল ইসলামের নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন পূর্ণকালীন এমডি পেল।
মো. আমিনুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় ২০২১ সালে যুগ্মসচিব হিসেবে অবসরে যান। ওই সময়ে তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব ছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে তিনি সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পান।
এমআর/টিকে