© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননে ৪ ইরানি কূটনীতিককে হত্যা করল ইসরাইল

শেয়ার করুন:
লেবাননে ৪ ইরানি কূটনীতিককে হত্যা করল ইসরাইল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ এএম | ১১ মার্চ, ২০২৬
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের হামলায় ইরানের চারজন কূটনীতিক নিহত হয়েছেন। গত রোববার (৮ মার্চ) রাতে এ হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, লেবাননের রাজধানী বৈরুতে একটি হোটেলে ইসরাইলের হামলায় চারজন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন বলে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক জরুরি চিঠিতে বলেন, ‘রোববার ভোরে ইসরাইলি সেনারা বৈরুতের রামাদা হোটেলে ইচ্ছাকৃত সন্ত্রাসী হামলা চালায়। এতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চারজন কূটনীতিক শহীদ হন।’

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রোববার রাতে বৈরুতের একটি হোটেলে হামলা চালিয়েছে। তবে তাদের দাবি, লক্ষ্যবস্তু ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের শীর্ষ কমান্ডাররা।

এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ওই হামলায় কুদস ফোর্সের লেবানন কর্পস ও প্যালেস্টাইন কর্পসের পাঁচজন কমান্ডারকে লক্ষ্য করে আঘাত হানা হয়।

আইডিএফ আরও জানায়, কুদস ফোর্সের লেবানন কর্পস ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরের দিকে চালানো ওই হামলায় বৈরুতের একটি হোটেল কক্ষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে চারজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে।

এদিকে ইরান ছাড়াও লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গত ২ মার্চ থেকে ইসরাইলের ব্যাপক হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৫৭০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) লেবাননের দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। এছাড়া ইসরাইলের হামলায় আরও ১ হাজার ৪৪৪ জন আহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৭ লাখ ৬০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেও জানানো হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন