‘মুক্তির সুযোগ আসছে, প্রস্তুত থাকুন’, ইরানি জনগণকে নেতানিয়াহুর বার্তা
ছবি: সংগৃহীত
০৬:৩২ এএম | ১১ মার্চ, ২০২৬
ইরানের জনগণকে আয়াতুল্লাহ আলি খামেনির শাসনব্যবস্থাকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) রাতে ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
নেতানিয়াহু বলেন, শিগগিরই ইসরাইল তোমাদের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য পরিস্থিতি তৈরি করবে।
ইংরেজিতে লেখা পোস্টে বলা হয়, ‘ইরানের জনগণ, আমরা স্বাধীনতার জন্য একটি ঐতিহাসিক যুদ্ধ চালাচ্ছি। আয়াতুল্লাহর শাসন ব্যবস্থাকে উৎখাত করে স্বাধীনতা অর্জন করা তোমাদের জন্য এই এক একমাত্র সুযোগ।’
তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে আমরা তেহরানের শাসকদের অতীতের চেয়ে কঠোরভাবে আঘাত করছি। আমরা এমন আঘাত অব্যাহত রাখব, যারা দশক ধরে তোমাদের আতঙ্কিত করে রেখেছে।’
নেতানিয়াহু আরও বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা তোমাদের নিজেদের ভাগ্য ঠিক করার সুযোগ তৈরি করে দেব।’
ইসরাইলের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘যখন সেই সময়টি আসবে, যা খুব শিগগিরই, তখন আমরা তোমাদের হাতে নেতৃত্ব তুলে দেব। মুহূর্তটি কাজে লাগানোর জন্য প্রস্তুত থেকো!’
এমআর/টিএ