ইরানে হামলা ‘অবৈধ’, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া বার্তা উত্তর কোরিয়ার
ছবি: সংগৃহীত
০৭:০০ এএম | ১১ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, তেহরানে দুই দেশের যৌথ হামলা অবৈধ।
স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানায় পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়া অভিযোগ করেছে-এ হামলার মাধ্যমে আঞ্চলিক শান্তি ধ্বংস করা হচ্ছে এবং ইরানের ওপর অবৈধ সামরিক হামলা চালিয়ে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা বাড়ানো হচ্ছে।
পিয়ংইয়ং বলেছে, ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থায় বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। অন্য কোনো দেশের সরকারকে হেনস্তা করতে হুমকি ও সামরিক পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করেছে দেশটি।
কেসিএনএ জানায়, উত্তর কোরিয়া বলেছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পূর্ব এশিয়ার ‘স্থিতিশীলতা ধ্বংস করার’ অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। দেশ দুটি কোরীয় উপদ্বীপে তাদের ১০ দিনের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করার পর তিনি এই অভিযোগ করেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) তথ্যানুসারে, কিম ইয়ো জং মঙ্গলবার (১০ মার্চ) বলেছেন, ‘আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ক্ষেত্রগুলোর কাছে শত্রুপক্ষের শক্তি বৃদ্ধি অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।’
এমআর/টিএ