মার্চের ৯ দিনে দেশে রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলারের বেশি
ছবি: সংগৃহীত
০৮:৪২ এএম | ১১ মার্চ, ২০২৬
চলতি মার্চ মাসের প্রথম ৯ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ১.৫২ বিলিয়ন ডলারের সমপরিমাণ। এর ফলে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৬ কোটি ৯৬ লাখ ডলার। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৭০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৩৯৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৯০ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্টদের মতে, আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন, যার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে এই প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে ডিসেম্বর মাসে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ।
এছাড়া গত নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাই মাসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
টিজে/এসএন