তারেক রহমানের পক্ষেই এ দেশ পরিচালনা করা সম্ভব : এ্যানি
ছবি: সংগৃহীত
০৮:৫১ এএম | ১১ মার্চ, ২০২৬
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এখনো শপথের এক মাস হয়নি, ইতোমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই এ দেশ পরিচালনা করা সম্ভব। ধর্ম-বর্ণ-গোত্র সবমিলিয়ে আমরা যারা এ দেশে বসবাস করি, আমাদের সবার মধ্যে দেশের প্রতি মায়া-মমতা ও দরদ রয়েছে। এ দরদ জাগিয়ে তুলতে হবে। এ ক্ষেত্রে তারেক রহমান একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ইতোপূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫-২০টি গাড়ির বহর থাকত। ঢাকা শহরে গত এক মাসে কারও চোখে কি গাড়িবহর দেখা গেছে? এটা হলো তারেক রহমান, তিনি ভিন্ন প্রধানমন্ত্রী। জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, এ প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীর মতো নয়, একটু ভিন্ন, উনার কথাবার্তা ও বক্তব্যে ইতোমধ্যে প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার সময় অফিসে যাচ্ছেন। এর আগে এ ধরনের চিত্র সচরাচর আমাদের চোখে পড়েনি৷ এতে আমরা উপকৃত হয়েছি। যারা সরকারি চাকরি করেন, তারা সতর্ক ও সজাগ হয়েছেন। দেশের মানুষ উপকার এবং সুবিধা পাচ্ছে।
ফ্যামিলি কার্ড নিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড সবার জন্য। এ ফ্যামিলি কার্ড আপনার জন্য যেমন থাকবে, আমার পরিবারের জন্যও থাকবে। পরিবারের গৃহিণীর নামে ফ্যামিলি কার্ড থাকবে। কোনো পুরুষের নামে ফ্যামিলি কার্ড দেয়নি। এটা সবার জন্য আসবে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু কল্যাণ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্য সচিব মানিক সাহা ও জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী।
কেএন/এসএন