শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চায় সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:৩৪ এএম | ১১ মার্চ, ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘আমরা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে। সমাজ ও রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না।’
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর পল্লবীর ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুরের ২ ও ৯১নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আমিনুল হক বলেন, ‘পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের শপথ নিতে হবে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকার। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে বিএনপি সর্বদা রাজপথে ছিল, আছে এবং থাকবে।’
তিনি আরও বলেন, ‘দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন বাংলাদেশকে সকল প্রকার সংকট থেকে মুক্তি দেন।’
ইফতার মাহফিলের সার্বিক আয়োজনে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন। তিনি বলেন, ‘২নং ওয়ার্ড বিএনপি পরিবার সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে। আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায় মিরপুরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমআই/টিকে