নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে ফ্যামিলি কার্ড : বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৩৮ এএম | ১১ মার্চ, ২০২৬
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবদুল মুক্তাদির বলেন, ‘বিএনপি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের প্রত্যন্ত অঞ্চলে এ কর্মসূচি শুরু হওয়া প্রমাণ করে যে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা দৃঢ়প্রতিজ্ঞ।’
তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় গৃহবধূদের নামে কার্ড ইস্যু করা হবে এবং নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা তাঁদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হবে। উপকারভোগীরা বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ নিতে পারবেন।
এর মাধ্যমে পারিবারিক ভিত্তি আরো শক্তিশালী হবে এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।’
এমআই/টিকে