প্রেমিকার চশমার লেন্স পাল্টে না দেওয়ায় কর্মচারীর ওপর প্রেমিকের হামলা
ছবি: সংগৃহীত
১২:২০ পিএম | ১১ মার্চ, ২০২৬
বরিশালে প্রেমিকার চশমার লেন্স পরিবর্তন করে না দেওয়ার জেরে দোকানের কর্মচারীর ওপর হামলার চেষ্টা চালিয়েছে প্রেমিক। তবে হামলার আগেই স্থানীয় ব্যবসায়ীরা যুবককে অস্ত্রসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।
আটক প্রেমিক সাফিন আহমেদ (১৯) বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকার বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে। তিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
চশমা দোকানের কর্মচারী রিপন বলেন, এক সপ্তাহ আগে একটি মেয়ে দোকানে এসে চশমার লেন্স কিনে নেয়। গত সোমবার এসে কালারের মিল না থাকায় লেন্সটি পরিবর্তন করে দিতে বলে। লেন্সের কাভার খুলে ফেলেছে বিধায় এটি আর পরিবর্তন করা যাবে না বলে মেয়েটিকে জানানো হয়। তবে পরবর্তীতে এটি পরিবর্তন করে দেওয়ার জন্য তার কাছে দুদিন সময় চাওয়া হয়। এতেই ক্ষুব্ধ হয় সেই মেয়েটি। তিনি তার প্রেমিককে ফোন করে বিষয়টি জানান।
তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেলে সাফিন আহমেদ নামের ওই যুবক আসে। তার প্রেমিকার সঙ্গে খারাপ ব্যবহার করেছি বলে অভিযোগ তুলে আমাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বাহিরে নিয়ে যায়। একপর্যায় আশপাশের লোকজন ছুটে এসে যুবককে ধরে ফেলে এবং তার কোমরে থাকা একটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চশমার লেন্স পরিবর্তন করা নিয়ে বিরোধের বিষয়টা দোকানে বসেই প্রেমিককে ফোনে জানায় প্রেমিকা।
কিন্তু তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে সে উদ্যোগ নেয়নি। এ কারণে সাফিনের ওপর অভিমান করে প্রেমিকা। মঙ্গলবার তাদের দেখা হলে, প্রেমিকা সাফিনকে অপমানজনক কথা বলে। এতে ক্ষুব্ধ হয়ে সে ধারালো অস্ত্র নিয়ে চশমা দোকানিকে মারতে যায়। আমরা ঘটনাস্থলের কাছে থাকায় বড় ধরনের দুর্ঘটনার আগেই তাকে আটক করেছি এবং ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় মারধরের শিকার সদর রোডের বাংলাদেশ অপটিক্যালের (চশমা ঘর) কর্মচারী রিপন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
আরআই/টিকে