© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে ১২ মার্চ সংসদ অধিবেশনে কমিটি করা হবে: জাতীয় সংসদের চিফ হুইপ

শেয়ার করুন:
১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে ১২ মার্চ সংসদ অধিবেশনে কমিটি করা হবে: জাতীয় সংসদের চিফ হুইপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ১১ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দীর্ঘ ১৯ বছরের রাজনৈতিক সংগ্রাম ও প্রতীক্ষার পর বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে নতুন সংসদের যাত্রা।

এই অধিবেশনের প্রথম দিনেই বিগত সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে পেশ করা হবে। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি ‘বিশেষ কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ হুইপ এ কথা বলেন।

এসময় অন্য ৬ জন হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান) উপস্থিত ছিলেন।

অধ্যাদেশ নিয়ে বিশেষ তৎপরতা

চিফ হুইপ জানান, বৃহস্পতিবার সংসদ অধিবেশন শুরুর পর আইনমন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ হাউসে উত্থাপন করবেন। আমাদের ১৩৩টি অধ্যাদেশ আছে যা লে করা হবে। এগুলো যাচাই-বাছাইয়ের জন্য সব দলের সদস্যদের নিয়ে একটি ‘বিশেষ কমিটি’ গঠন করা হবে। এই কমিটি নির্ধারণ করবে কোন অধ্যাদেশগুলো বহাল থাকবে আর কোনগুলো ল্যাপস (বাতিল) হয়ে যাবে। আগামী ১২ তারিখের মধ্যে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো আমরা পাস করার চেষ্টা করব।

প্রথম দিনের কার্যসূচি ও স্পিকার নির্বাচন

তিনি বলেন, বর্তমান সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সেশনের শুরুতে একজন জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এরপর সংসদ নেতার প্রস্তাবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে কাদের মনোনয়ন দেওয়া হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, যা কালই প্রকাশ করা হবে।

শোক প্রস্তাব ও জুলাই বিপ্লব

অধিবেশনের শুরুতেই প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জুলাই বিপ্লবে শহীদ হওয়া ‘জুলাইযোদ্ধা’ এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। তাদের ত্যাগ ও অবদান নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

সংসদ হবে সমাধানের কেন্দ্রবিন্দু

চিফ হুইপ তার বক্তব্যে বলেন, আমরা একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়বদ্ধ সংসদ উপহার দিতে চাই। জাতীয় সব সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে এই সংসদ। এখানে যুক্তি-তর্ক হবে, গঠনমূলক সমালোচনা হবে। আমরা বিরোধী দলের কাছ থেকেও ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করছি।

অন্যান্য সিদ্ধান্ত

জুলাই সনদের শপথ প্রসঙ্গে চিফ হুইপ পরিষ্কার করে বলেন, সংবিধানে অন্তর্ভুক্ত না থাকায় তারা সেই শপথ নেননি। ভবিষ্যতে এটি সংবিধানে যুক্ত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া প্রথম দিনেই বিজনেস অ্যাডভাইজরি কমিটি ও বিশেষ কমিটিসহ অন্তত দুটি কমিটি গঠন করা হবে। সম্ভব হলে প্রিভিলেজ ও হাউস কমিটিও করা হতে পারে। সেই সঙ্গে প্রথম দিনের অধিবেশনের জন্য এসএসএফ ও সিএসএফ-এর কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যার ফলে সাংবাদিকদের প্রবেশাধিকার কিছুটা নিয়ন্ত্রিত থাকতে পারে।

এমআই/টিকে

মন্তব্য করুন