মার্কিন আকাশপথ নিয়ন্ত্রণে প্রথম বাংলাদেশি নারী সাদিয়া
ছবি: সংগৃহীত
০৪:৩১ পিএম | ১১ মার্চ, ২০২৬
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণের (এয়ার ট্রাফিক কন্ট্রোলার) দায়িত্ব গ্রহণ করেছেন ফেনীর সন্তান সাদিয়া আফরোজ তুরাগ।
তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নারী যিনি এই সম্মানজনক পেশায় নিয়োজিত হয়ে বিদেশের মাটিতে লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সাদিয়া জেলার রামপুর আহমেদ আলী পাটোয়ারী বাড়ির সন্তান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত হারুন উর রশিদ ও তাবেন্দা হারুন দম্পতির জ্যেষ্ঠ কন্যা।
সাদিয়ার এই সাফল্যে গর্বিত পিতা হারুন উর রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় জানান, সাদিয়া যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) এয়ার ট্রাফিক কন্ট্রোলার হওয়ার গৌরব অর্জন করেছেন। তাদের জানামতে, তুরাগই প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী যিনি এই দায়িত্ব পেলেন।
তিনি আরও জানান, সাদিয়া শিক্ষাজীবনে গোল্ড মেডেল নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তার এই অর্জন কঠোর পরিশ্রম, ধৈর্য ও দৃঢ় ইচ্ছাশক্তির ফল। একজন বাবা হিসেবে তিনি মেয়ের এই সাফল্যে অত্যন্ত গর্বিত ও সবার কাছে দোয়া প্রার্থী। সাদিয়া যেন সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারেন, সেজন্য তার পরিবার ও শুভানুধ্যায়ীরা সকলের দোয়া চেয়েছেন তিনি।
আইকে/টিএ