প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে বাড়ালেন নিরাপত্তা, মেয়ের জন্য কঠোর সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত
০৪:৩১ পিএম | ১১ মার্চ, ২০২৬
বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া তার চার বছরের কন্যা মালতীকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ছোট্ট মেয়েকে ঘনিষ্ঠ নিরাপত্তার মধ্যে রাখার সিদ্ধান্ত নেন তিনি। তারকাদম্পতি প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের দৃষ্টিকোণ থেকে, মালতীর নিরাপত্তা ও ব্যক্তিগত জীবনের সীমারেখা রক্ষা করা অত্যন্ত জরুরি।
মালতীকে ‘মির্যাকল বেবি’ বলে ডাকেন প্রিয়ঙ্কা। জন্মের সময় নানা জটিলতা ও প্রাণসংশয় থাকা সত্ত্বেও মেয়েটি সুস্থভাবে জন্মগ্রহণ করে তারকাদম্পতির কোলে আসে। দেখতে দেখতে মেয়ের বয়স চার বছর পূর্ণ হয়েছে। তবে সম্প্রতি একটি ঘটনায় প্রিয়ঙ্কার উদ্বেগ আরও বেড়ে গেছে। মালতী যখন স্কুল থেকে ফেরত আসছিলেন, তখন কিছু ব্যক্তি ছবি তুলতে শুরু করেন এবং এমনকি বাড়ি পর্যন্ত তার পিছু নেয়া হয়। এই ঘটনার পর প্রিয়ঙ্কা উপলব্ধি করেন, মেয়েকে জনসমক্ষে আনা ও সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করা সবসময়ই সঠিক নয়।

প্রিয়ঙ্কা জানিয়েছেন, ‘‘আমি নিজের জীবন সর্বক্ষণ জনসমক্ষে রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমার মেয়ে তা নিতে পারেনি। ও কেন সারাক্ষণ সবার চোখের সামনে থাকবে?’’ এই অভিজ্ঞতার পরে প্রিয়ঙ্কা ও নিক মালতীর নিরাপত্তার জন্য বাড়িতে নিরাপত্তারক্ষীর সংখ্যা বৃদ্ধি করেছেন। অভিনেত্রী বলেন, সাধারণ মানুষের উৎসাহ থাকা স্বাভাবিক, তবে শিশুর জীবন ও ব্যক্তিগত সীমারেখা রক্ষা করা অভিভাবকের দায়িত্ব। মেয়ের ভবিষ্যত ও নিরাপত্তার কথা ভেবে তাঁরা মালতীকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এমকে/টিএ