রাজপালের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁটা, মুখ খুললেন পরিচালক প্রিয়দর্শন
ছবি: সংগৃহীত
০৫:০৫ পিএম | ১১ মার্চ, ২০২৬
সম্প্রতি অভিনেতা রাজপাল যাদবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে শুরু হওয়া বিতর্কে মুখ খুললেন পরিচালক প্রিয়দর্শন। সামাজিক ও গণমাধ্যমে তাঁর মন্তব্যকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু প্রিয়দর্শন নিজেই জানান, কোনওভাবেই তিনি রাজপালকে আঘাত করার উদ্দেশ্য রাখেননি।
এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, “রাজপালকে অসম্মান করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। আমি মূলত বোঝাতে চেয়েছিলাম, শিক্ষা দুই ধরনের হয় পুঁথিগত এবং সমাজ থেকে প্রাপ্ত শিক্ষা। সেটাই আমার মন্তব্যের মূল উদ্দেশ্য ছিল।” তিনি আরও উল্লেখ করেন, যারা গ্রামে বড় হয়েছেন, তাদের জীবনের জটিল পরিস্থিতি বোঝা সহজ নয়। তাই তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

গত কয়েক মাসে রাজপাল অর্থনৈতিক জটিলতার কারণে তিহাড় জেলে আত্মসমর্পণ করেছিলেন। এই সময়ে প্রিয়দর্শনের “লেখাপড়া কম করেছেন বলেই হয়তো এমন ভুল করেছেন রাজপাল” মন্তব্যটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই সব বিভ্রান্তি পরিষ্কার করেছেন পরিচালক।
প্রিয়দর্শন জানিয়েছেন, রাজপাল তার পরিচালনায় ইতিমধ্যেই ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’, ‘মালামাল উইকলি’ সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তিনি ভবিষ্যতেও রাজপালের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
পিআর/টিকে