অ্যাটলির ছবিতে কি জুটি বাঁধছেন দীপিকা ও আল্লু অর্জুন?
ছবি: সংগৃহীত
০৫:১৬ পিএম | ১১ মার্চ, ২০২৬
মাতৃত্বের পর ক্যারিয়ারের নতুন অধ্যায়ে দাঁড়িয়ে বড় প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন দীপিকা পাড়ুকোন। আর সেই প্রত্যাবর্তনের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ‘জাওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি। শোনা যাচ্ছে, তার নতুন মেগা বাজেট ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে দীপিকাকে, যেখানে তার সঙ্গে পর্দা ভাগ করবেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন।
কিছুদিন আগেই মাতৃত্বের পর কাজের সময়সূচি নিয়ে আলোচনায় ছিলেন দীপিকা। আট ঘণ্টার শিফটে কাজ করার শর্তকে কেন্দ্র করে নানা জল্পনা তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিতে। এর মধ্যেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কল্কি’ থেকে বাদ পড়ার খবরও শোনা যায়। তবে সেই কঠিন সময়েই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেন পরিচালক অ্যাটলি।

দক্ষিণের দুই জনপ্রিয় তারকা আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে নিয়ে নির্মিত হচ্ছে অ্যাটলির নতুন ছবি, যার অস্থায়ী নাম ‘এএ২২এক্সএ৬’। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে এই ছবির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হতে পারে। সেদিন একটি বিশেষ ভিডিও প্রকাশের মাধ্যমেই দর্শকদের সামনে আসবে ছবির আসল নাম।
জানা যাচ্ছে, সেই ভিডিওতে থাকবে বড় আকারের ভিএফএক্স ব্যবহারের চমক, যেখানে একেবারে নতুন অবতারে দেখা যেতে পারে আল্লু অর্জুনকে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত পরিচালক কিংবা ছবির তারকা কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
প্রায় ৮০০ কোটি বাজেটের এই মেগা প্রকল্পের চিত্রনাট্য নিয়ে গত দুই বছর ধরে কাজ করছেন অ্যাটলি। পুনর্জন্মের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির গল্পে অতীত ও বর্তমান দুই সময়কালকে একসঙ্গে তুলে ধরা হবে বলে জানা গেছে। অ্যাকশন ও নাটকীয়তায় ভরপুর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে মৃণাল ঠাকুর, রশ্মিকা মন্দানা এবং জাহ্নবী কাপুরের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে।
সব মিলিয়ে দক্ষিণের দুই বড় তারকাকে নিয়ে অ্যাটলির এই মেগা বাজেট সিনেমা যে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তা বলাই বাহুল্য। এখন দর্শকদের অপেক্ষা ৮ এপ্রিলের জন্য, যখন হয়তো প্রকাশ পাবে ছবির আসল নাম এবং নতুন চমক।
পিআর/টিকে