© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো মানুষ সভাপতি হোক, সবার পিএইচডি থাকবে না: ববি হাজ্জাজ

শেয়ার করুন:
শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো মানুষ সভাপতি হোক, সবার পিএইচডি থাকবে না: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫২ পিএম | ১১ মার্চ, ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আমরা চাই এলাকার ভালো মানুষ-মুরুব্বিরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বসতে পারেন। সবার মাস্টার্স-পিএইচডি থাকবে না।

বুধবার (১১ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর ফায়ার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রথমত আমি তার (শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন) মন্তব্য শুনিনি। আমাদের ব্যস্ততা থাকে। সবসময় কে কি বলে, এটা শুনতে পারি না। আর যেহেতু মিলন ভাই আমার সামনে কথাটা বলেননি, তাই আমি জানি না। তবে একটা জিনিস আমরা আলোচনা করেছি। আরও শক্তভাবে আলোচনা করেছি যে শিক্ষার মানের ক্ষেত্রে সভাপতির যে লিমিটটা থাকা উচিত যে বিশ্ববিদ্যালয় ডিগ্রি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ডিগ্রির একটা লিমিট আমরা সেট করেছি। মাস্টার্স ডিগ্রি বা এই ধরনের ডিগ্রি, ওই ধরনের ডিগ্রি- এগুলোতে আমরা যাইনি। কারণ বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় এক লাখ ৬৫ হাজারের উপরে এবং দুর্গম অনেক এলাকায় বিদ্যালয়গুলো আছে। সেই জায়গাগুলোতে আমরা চাই এলাকার ভালো মানুষ-মুরুব্বিরা যেন এটার সভাপতি হিসেবে বসতে পারেন। সবার মাস্টার্স-পিএইচডি থাকবে না। তাই আমরা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট করেছি যে বেসিক ইউনিভার্সিটি ডিগ্রি, ব্যাচেলর লেভেল বোধহয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, আমি বিশ্বাস করি এটা এনাফ আমাদের দেশে এই পদে বসবার জন্য। এর থেকে কমও হয়তো দেওয়া যেত। কারণ বাস্তবতা যদি আপনি দেখেন যে সব জায়গায় এটা আমরা পাবো কি না। তবুও আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেইন করতে চেয়েছি বলে এই জায়গায় এসেছি। এর থেকে উপরে যাওয়ার কোনো সার্থকতা বা কোনো কারণ আমি আসলে দেখি না।

এর আগে মোহাম্মদপুর ফায়ার স্টেশনকে আরও শক্তিশালী করার কথা জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, মিনি ফায়ার স্টেশন বসানোরও উদ্যোগ নেওয়া হবে। ভলিন্টিয়ার বাড়ানো হবে।

এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ও ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস/টিএ

মন্তব্য করুন