© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাদশাকে দায়িত্ববান শিল্পী হওয়ার পরামর্শ দিলেন সোনা মহাপাত্র

শেয়ার করুন:
বাদশাকে দায়িত্ববান শিল্পী হওয়ার পরামর্শ  দিলেন সোনা মহাপাত্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ১১ মার্চ, ২০২৬
জনপ্রিয় র‌্যাপার বাদশার নতুন গানকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি প্রকাশিত তার গান ‘টাটিরি’র দৃশ্যায়ন ও গানের কথায় নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগ উঠতেই বিষয়টি নিয়ে সরব হলেন গায়িকা সোনা মহাপাত্র। চাঁচাছোলা ভাষায় বাদশাকে ‘দায়িত্ববান শিল্পী’ হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোনা মহাপাত্র বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। রাজনীতি হোক বা বিনোদন জগতের কোনও ইস্যু নিজের মতামত প্রকাশ করতে কখনও পিছপা হন না তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। বাদশার নতুন গানের দৃশ্যায়ন নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, নারীদের ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরা এই ধরনের গান নতুন নয়, বরং এটি এখন এক ধরনের প্রবণতায় পরিণত হয়েছে। তার মতে, অনেক সময় পুরুষ শিল্পীরা বুক ফুলিয়ে নারীদের এমনভাবে উপস্থাপন করেন যেন তারা কেবল পুরুষদের মনোরঞ্জনের জন্যই উপস্থিত।



গানের কথাতেও তিনি আপত্তি তুলেছেন। সোনার দাবি, সেখানে এমন এক ধরনের অহমবোধ ফুটে ওঠে যা নারীদের প্রতি অসম্মানজনক। তার ভাষায়, এসব আসলে সৃজনশীলতার নামে ফাঁকিবাজি ছাড়া আর কিছু নয়। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, শিল্পীরা সমাজে বড় প্রভাব ফেলেন। তাই শিল্পের নামে নারীবিদ্বেষ ছড়িয়ে দিয়ে সেখান থেকে লাভ তোলা উচিত নয়।

সোনা মহাপাত্র আরও বলেন, নিজেকে কোনও অঞ্চলের সন্তান বলে গর্ব প্রকাশ করলেই সব ভুল মাফ হয়ে যায় না। বিশেষ করে যেখানে লিঙ্গবৈষম্য ও নারীর ওপর নির্যাতনের মতো সমস্যার বিরুদ্ধে সমাজ দীর্ঘদিন ধরে লড়াই করছে, সেখানে শিল্পীদের আরও দায়িত্বশীল হওয়া দরকার। তার মতে, গান বা ভিডিওতে নারীদের কেবল সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার করা সমাজে ভুল বার্তা দেয়।

অন্যদিকে বিতর্কের মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাদশা। তিনি জানান, তার গানের কথা ও দৃশ্যায়ন যদি কারও ভাবনায় আঘাত দিয়ে থাকে, তবে সে জন্য তিনি দুঃখিত। বিশেষ করে নিজের রাজ্য হরিয়ানার মানুষের অনুভূতিতে আঘাত লাগলে তার জন্য ক্ষমাও চেয়েছেন এই র‌্যাপার।

তবে ক্ষমা চাওয়ার পরও বিতর্ক থামেনি। বরং সেই প্রেক্ষিতেই সোনা মহাপাত্রর তীব্র মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পিআর/টিকে

মন্তব্য করুন