ছেলের ছবির গানের জন্য অরিজিতের বাড়িতে ছুটেছিলেন আমির, প্রকাশ্যে সেই সিনেমার ট্রেলার
ছবি: সংগৃহীত
০৭:২০ পিএম | ১১ মার্চ, ২০২৬
বলিউড তারকা আমির খানের প্রযোজনায় নির্মিত নতুন চলচ্চিত্র ‘একদিন’-কে ঘিরে দর্শকদের কৌতূহল ক্রমেই বাড়ছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে আমির খানের ছেলে জুনেইদ খানকে। ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছে একতরফা ভালোবাসার আবেগঘন গল্প।
ছবির গল্পে দেখা যায়, সাই পল্লবী অভিনীত ‘মীরা’ চরিত্রের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ে জুনেইদ খানের চরিত্র ‘রোহন’। সহকর্মীর প্রতি নিঃশব্দ ভালোবাসা নিয়ে বেঁচে থাকে রোহন।
বন্ধুদের কাছে মীরার প্রতি নিজের ভালোবাসার কথা বললেও মীরা কখনও তা অনুভব করতে পারে না। মীরার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তেই নিজের সুখ খুঁজে পায় রোহন। তবে সেই অনুভূতির কোনো বাস্তব ভিত্তি নেই এ কথা একসময় স্পষ্ট হয়ে যায়। পরিস্থিতির এক পর্যায়ে মীরার রাগ ও প্রত্যাখ্যানে ভেঙে পড়ে রোহন। এরপর তাদের জীবনের গল্প কোন দিকে মোড় নেয়, তা জানা যাবে ছবি মুক্তির পর। আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘একদিন’।

এই ছবিকে ঘিরে আরও একটি বিশেষ দিক রয়েছে। ছবিটির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে জাপানে, যা পর্দায় ভিন্ন এক সৌন্দর্য তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর।
ছবির সঙ্গীত নিয়েও রয়েছে আলাদা আলোচনা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অরিজিৎ সিং। জানা গেছে, ছবির গানের কাজের জন্যই কিছুদিন আগে পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে ছুটে গিয়েছিলেন আমির খান। প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরও অরিজিতের সঙ্গীত পরিচালনায় এই ছবির গান তৈরি হয়েছে বাংলায় বসেই। এ কারণেই ‘একদিন’ ছবিটি মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
এমকে/টিএ