রাশমিকার মেহেন্দির পোশাক নিয়ে বিতর্ক তুঙ্গে!
ছবি: সংগৃহীত
০৭:২৬ পিএম | ১১ মার্চ, ২০২৬
উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের পর থেকেই আলোচনায় রয়েছেন দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। প্রায় দুই সপ্তাহ ধরে এই তারকাদম্পতির বিয়ের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পতিকে। তবে আনন্দের সেই আবহের মধ্যেই হঠাৎ করে বিতর্কের শিরোনামে উঠে এল রাশমিকার মেহেন্দি অনুষ্ঠানের পোশাক।

সম্প্রতি মেহেন্দি অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন বিজয় ও রাশমিকা। রোম্যান্স ও খুনসুটিতে ভরা সেই মুহূর্তগুলো ভক্তদের দারুণভাবে আকৃষ্ট করে। কিন্তু ছবিগুলো প্রকাশের পরই নেটমাধ্যমে একাংশের নজর পড়ে রাশমিকার পোশাকের দিকে। মেহেন্দি অনুষ্ঠানে তিনি যে লেহেঙ্গা পরেছিলেন, তার ওড়নায় আঁকা ছিল মা লক্ষ্মীর ছবি।

বিতর্কের সূত্রপাত সেখান থেকেই। অনেকেই অভিযোগ তোলেন, দেবীর ছবি আঁকা ওড়নাটি এমনভাবে ড্রেপ করা হয়েছে, যাতে তা নায়িকার শরীরের পশ্চাৎদেশ ঢেকে রাখছে এবং এর একটি অংশ পায়ের কাছেও পড়ে রয়েছে। নেটমাধ্যমের একাংশের দাবি, দেবদেবীর ছবি এমনভাবে পোশাকে ব্যবহার করা অসম্মানজনক। কেউ কেউ এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলেও মন্তব্য করেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা।

বিতর্ক বাড়তেই মুখ খোলেন পোশাকশিল্পী তোরানি। তিনি জানান, ভারতীয় সংস্কৃতিতে নববধূর আগমনকে প্রায়ই মা লক্ষ্মীর আগমনের সঙ্গে তুলনা করা হয়। সমৃদ্ধি, করুণা ও নতুন সূচনার প্রতীক হিসেবে লক্ষ্মীর উপস্থিতিকে স্মরণ করেই এই নকশা তৈরি করা হয়েছে। তার কথায়, রাশমিকার মেহেন্দি অনুষ্ঠানের ওড়নায় তাঞ্জোর চিত্রকলার অনুপ্রেরণা ব্যবহার করা হয়েছে, যেখানে সমৃদ্ধির প্রতীক দ্বারা পরিবেষ্টিত লক্ষ্মীকে একটি পবিত্র মন্দিরে বসে থাকতে দেখা যায়।

পোশাকশিল্পীর দাবি, দেবীকে অসম্মান করার কোনও উদ্দেশ্য ছিল না। বরং ভারতীয় ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনুভূতিকে ফুটিয়ে তুলতেই এই নকশা তৈরি করা হয়েছিল। তবে সেই ব্যাখ্যার পরও সামাজিক মাধ্যমে বিতর্ক পুরোপুরি থামেনি।
পিআর/টিকে