১৯ বছর পর ভারতে আসছে পপ তারকা শাকিরা, কনসার্ট ঘিরে উচ্ছ্বাস!
ছবি: সংগৃহীত
০৭:৩৪ পিএম | ১১ মার্চ, ২০২৬
দীর্ঘ ১৯ বছর পর আবারও ভারতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। ২০০৭ সালে শেষবার ভারতের মাটিতে পারফর্ম করেছিলেন তিনি। এত বছর পর আবারও ভারতীয় দর্শকদের সামনে লাইভ কনসার্টে হাজির হতে চলেছেন এই জনপ্রিয় শিল্পী। তার এই প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।
জানা গেছে, আগামী এপ্রিল মাসে মুম্বাই ও দিল্লিতে অনুষ্ঠিত হবে শাকিরার লাইভ কনসার্ট। ১০ এপ্রিল মুম্বাইয়ের রেসকোর্স ময়দানে এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন। বিশেষ একটি সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এই কনসার্ট আয়োজন করা হচ্ছে, যার লক্ষ্য শিশুদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানো।
এই কনসার্টকে ঘিরে আরেকটি বিষয় নিয়ে জোরালো আলোচনা চলছে। গুঞ্জন উঠেছে, মঞ্চে শাকিরার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকতে পারেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু সংগীতপ্রেমীদের মধ্যে এ নিয়ে কৌতূহল বাড়ছে।

কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যেই শুরু হয়েছে। টিকিটের মূল্য শুরু হচ্ছে প্রায় ছয় হাজার রুপি থেকে। প্রিমিয়াম লাউঞ্জের টিকিটের দাম প্রায় বত্রিশ হাজার রুপি পর্যন্ত রাখা হয়েছে। এছাড়া প্লাটিনাম লাউঞ্জের টিকিটের মূল্য প্রায় চব্বিশ হাজার পাঁচশ রুপি এবং ভিআইপি সেকশনের টিকিটের মূল্য প্রায় চৌদ্দ হাজার পাঁচশ রুপি নির্ধারণ করা হয়েছে।
ভারতে আবার পারফর্ম করার সুযোগ পেয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন শাকিরা। তিনি বলেন, ভারতের দর্শকদের সামনে পারফর্ম করা তার জন্য বিশেষ আনন্দের। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। একই সঙ্গে বিনোদনের মাধ্যমে শিশুদের কল্যাণে সচেতনতা তৈরির উদ্যোগের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলে জানান তিনি।
বিশ্বজুড়ে ‘ল্যাটিন সংগীতের রানি’ হিসেবে পরিচিত শাকিরা তার গান ও নাচের অনন্য মেলবন্ধনের জন্য সুপরিচিত। বিশেষ করে তার নাচের স্বতন্ত্র ভঙ্গিমা সবসময়ই দর্শকদের আকর্ষণ করে। বহু বছর পর আবার ভারতের মঞ্চে তার উপস্থিতি তাই সংগীতপ্রেমীদের জন্য হতে চলেছে এক বড় আয়োজন।
এমকে/টিএ