© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিশুশিল্পীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সরব পর্দার ‘হ্যারি পটার’

শেয়ার করুন:
শিশুশিল্পীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সরব পর্দার ‘হ্যারি পটার’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ পিএম | ১১ মার্চ, ২০২৬
বিশ্বজুড়ে খ্যাত ‘হ্যারি পটার’ চরিত্রের সঙ্গে পরিচিত অভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফ সম্প্রতি শিশু শিল্পীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে সরব হয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে তিনি নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে বলেন, বাইরে থেকে শিশুশিল্পীদের জীবন রূপকথার মতো মনে হলেও তা বাস্তবে অনেক সময় ভীষণ চাপপূর্ণ ও যন্ত্রণাদায়ক হয়। র‍্যাডক্লিফ দাবি করেন, প্রতিটি শিশুশিল্পীর জন্য থেরাপি বা মানসিক পরামর্শ নেওয়া বাধ্যতামূলক হওয়া উচিত, যা সিস্টেমের পক্ষ থেকে নিশ্চিত করা দরকার।

ড্যানিয়েল জানান, স্পটলাইটের তলায় থাকা এবং বড় হওয়ার চাপ সহ্য করা সব শিশুর পক্ষে সম্ভব নয়। সম্প্রতি এক তরুণ অভিনেতার আত্মহত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাইরের দৃষ্টিতে জীবন যেমন আনন্দময় মনে হয়, অভ্যন্তরে তা অনেকটা ভিন্ন। তাই সমস্যা শুরু হওয়ার আগে থেকেই থেরাপি নেওয়া অত্যন্ত জরুরি।



ড্যানিয়েল মাত্র ১২ বছর বয়সে হ্যারি পটারের চরিত্রে বিশ্বজয় করেন। দশ বছর ধরে এই চরিত্রে অভিনয় করার সময় মানসিক চাপ ও দায়িত্বের বোঝা অনুভব করেছিলেন। ২০০০ সালের দিকে মানসিক স্বাস্থ্য সচেতনতা এখনকার মতো ছিল না, তবে নিজের চারপাশে সমর্থনমূলক মানুষ থাকায় নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। তবে সকল শিশুশিল্পীর ক্ষেত্রে তা হয় না বলেই তিনি সিস্টেম পরিবর্তনের দাবি তুলেছেন।

হ্যারি পটারের পরে ড্যানিয়েল ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’, ‘নাউ ইউ সি মি ২’ ও ‘উইয়ার্ড: দ্য আল ইয়ানকোভিক স্টোরি’ সহ বিভিন্ন ছবিতে অভিনয় করে নিজের অভ্যন্তরীণ ক্ষমতা ও প্রতিভার স্বীকৃতি পান। শেষ ছবির জন্য তিনি এমি এবং বাফটা মনোনয়নও অর্জন করেছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন