এপস্টেইনের উদাহরণ দিয়ে কোন দুর্নীতির কথা বললেন আমির?
ছবি: সংগৃহীত
০৯:৪৩ পিএম | ১১ মার্চ, ২০২৬
বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি মুম্বাইয়ে ‘লোকমত মহারাষ্ট্রিয়ান অফ দ্য ইয়ার’ অনুষ্ঠানে শিশুদের সোশাল মিডিয়া ব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ‘পিকে’, ‘তারে জমিন পর’, ‘দাঙ্গল’, ‘থ্রি ইডিয়েটস’-এর মতো সিনেমার মাধ্যমে সামাজিক এবং মনস্তাত্ত্বিক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার পরিচয় থাকা আমির বলেন, ডিজিটাল যুগে সোশাল মিডিয়া শিশুদের মানসিকতা ও আচরণে গভীর প্রভাব ফেলছে।
তিনি উদাহরণ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সম্প্রতি ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। আমির বলেন, ইউটিউব বা ইনস্টাগ্রাম রিলের মতো প্ল্যাটফর্মে অ্যালগরিদম ব্যবহারকারীর পছন্দমতো আকর্ষণীয় কনটেন্ট দেখায়, যা এক ধরনের ফাঁদ হয়ে শিশুদের মস্তিষ্কে প্রভাব ফেলে।

সোশাল মিডিয়া শুধু সময়ের অপচয় নয়, এটি মনস্তাত্ত্বিক দিক থেকেও শিশুদের প্রভাবিত করছে। তিনি আরও যোগ করেন, এই বিষয়টি শুধু অপরাধমূলক প্রবণতা বা টাকার দুর্নীতি নয়, বরং মন-মানসিকতারও দুর্নীতি সৃষ্টি করছে। এ প্রসঙ্গে আমির এপস্টেইনের উদাহরণ টেনে মনস্তাত্ত্বিক ও নৈতিক দূষণের বিষয়েও সতর্ক করেছেন।
দেবেন্দ্র ফড়ণবিসও তাঁর মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। আমির খান সতর্ক করেছেন যে, সমাজ এবং পরিবারকে এখনই ভাবতে হবে কিশোরদের জন্য সোশাল মিডিয়ার ব্যবহারে সীমারেখা নির্ধারণের ব্যাপারে।
পিআর/টিকে