নওগাঁয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেন এমপি, খেলেন সরকারি খাবার
ছবি: সংগৃহীত
১০:০১ পিএম | ১১ মার্চ, ২০২৬
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক হঠাৎ অসুস্থ হয়ে ধামইরহাট উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসা নেওয়ার পাশাপাশি তিনি হাসপাতালের সাধারণ রোগীদের জন্য সরবরাহ করা খাবার খেয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার জানান, গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে এমপি এনামুল হক কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি গ্যাস্ট্রিক ও হাইপারটেনশনজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকেন। এ সময় তিনি অন্য রোগীদের মতো হাসপাতালের সাধারণ খাবারই গ্রহণ করেন।
তিনি আরও বলেন, "জনপ্রতিনিধিরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তবে সাধারণ মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়। সংসদ সদস্য এনামুল হক আমাদের সেবার প্রশংসা করেছেন, যা স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়াবে।"
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সংসদ সদস্য এনামুল হক বলেন, "আমি চাইলে নওগাঁ কিংবা জয়পুরহাটের বড় হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারতাম। তবে যেখানে এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা নেন, আমি সেখানেই চিকিৎসা নিতে চেয়েছি। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব।"
এনামুল হক গত নির্বাচনে নওগাঁ-২ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য, এই এলাকায় তার এমন পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে
ইউটি/টিএ