মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান ‘সম্ভব’: এরদোয়ান
ছবি: সংগৃহীত
১০:৩১ পিএম | ১১ মার্চ, ২০২৬
ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি সতর্ক করে বলেন, সংঘাত দ্রুত বন্ধ না হলে তা পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে।
তুরস্কের রাজধানী আঙ্কারা-তে নিজের দলের পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে এরদোয়ান বলেন, আলোচনার সুযোগ দিলে কূটনৈতিক সমাধান এখনো ‘পুরোপুরি সম্ভব’।
তিনি জানান, তুরস্ক ধৈর্যের সঙ্গে আবারও আলোচনা টেবিলে ফেরার এবং কূটনীতি সমাধান পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনায় দেশটি সতর্কভাবে কথা বলছে এবং চারপাশের সংঘাত থেকে নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এরদোয়ান বলেন, অঞ্চলজুড়ে সংকটের সময় তুরস্ক কখনোই নিরপেক্ষ দর্শক হয়ে থাকে না এবং প্রয়োজনে বন্ধু ও ভাইদের পাশ থেকে সরে যায় না। তিনি আরও বলেন, বিশেষ করে সাম্প্রদায়িক সংঘাতসহ অঞ্চলে যে ‘রক্তাক্ত পরিকল্পনা’ তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে আঙ্কারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তুরস্ক কখনোই ধর্মীয় সম্প্রদায় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে অঞ্চলের মানুষকে বিভক্ত করেনি এবং ভবিষ্যতেও করবে না। এরদোয়ান বলেন, “জাতি, সম্প্রদায়, ধর্ম, ভাষা বা উৎসের ভিত্তিতে বিভাজন আমরা প্রত্যাখ্যান করি। ‘সুন্নি ইসলাম’ বা ‘শিয়া ইসলাম’ নামে আলাদা কোনো ধর্ম নেই-আমাদের ধর্ম একটাই, আর তা হলো ইসলাম।”
সূত্র: আনাদোলু এজেন্সি
আইকে/টিএ