হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, তীব্র নিন্দা জানাল ভারত
ছবি: সংগৃহীত
০৪:০২ এএম | ১২ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালীর কাছে কান্দলার উদ্দেশে যাত্রা করা থাই পতাকাবাহী জাহাজ ময়ূরি নারি’তে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বুধবার (১১ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে এই নিন্দা জানায়। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু বানানো অনুচিত বলে মনে করে তারা।
যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনার মাঝে আজ পারস্য উপসাগরে হরমুজ প্রণালীর কাছে তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটে। এরমধ্যে একটি ময়ূরি নারি, এটি পশ্চিম ভারতের কান্দলা বন্দরের দিকে যাচ্ছিল। হামলা করা চালিয়েছে সেটা জানা যায়নি। হামলার ফলে জাহাজে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন, উদ্ধার করা হয়েছে ২০ জনকে। প্রয়োজনীয় কয়েকজন নাবিক জাহাজে অবস্থান করছেন।
ভারত নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের হামলায় আগেও তাদের দেশের নাগরিকদের প্রাণহানি হয়েছে। হামলার তীব্রতা ও প্রাণঘাতী ক্ষমতা ক্রমেই বাড়ছে বলে মনে করছে তারা। নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা থেকে বিরত থাকার বার্তা তাদের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে ও অফিসিয়াল সাইটে বিবৃতিতে ভারত বলেছে, ‘আমরা ১১ মার্চ হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের মায়ুরি নারি নামের একটি জাহাজে হামলার খবর দেখেছি। জাহাজটি ভারতের কান্দলা বন্দরের উদ্দেশে যাচ্ছিল। ভারত নিন্দা জানাচ্ছে যে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজকে সামরিক হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। এই সংঘাতের আগের পর্যায়ে এ ধরনের একাধিক হামলায় ভারতীয় নাগরিকসহ মূল্যবান প্রাণহানি ঘটেছে। আর এসব হামলার তীব্রতা ও প্রাণঘাতী ক্ষমতা ক্রমেই বাড়ছে বলেই মনে হচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘ভারত পুনরায় জোর দিয়ে বলছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, নিরীহ বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা বা অন্য যেকোনোভাবে নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা ব্যাহত করা থেকে বিরত থাকা উচিত।’
এমআর/টিএ