দুবাইয়ের বাসিন্দাদের খোলা জায়গা ও দরজা-জানালা থেকে দূরে থাকার নির্দেশ
ছবি: সংগৃহীত
০৪:৩০ এএম | ১২ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বার্তায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে দুবাইয়ের বাসিন্দাদের মোবাইল ফোনে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে, যেখানে তাদের খোলা জায়গা, দরজা এবং জানালা থেকে দূরে সরে নিকটস্থ সুরক্ষিত ভবনের ভেতরে অবস্থান নিতে বলা হয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বর্তমানে ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করছে। শহরজুড়ে যে বিকট শব্দ শোনা যাচ্ছে, তা মূলত প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার শব্দ।
দেশটির সামরিক বাহিনী বর্তমানে সম্ভাব্য সব ধরনের হামলা প্রতিহতে সক্রিয় ‘ডিফেন্সিভ অপারেশন’ পরিচালনা করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: গালফ নিউজ
এমআর/টিএ